বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

অপরাধ ও আইনশৃঙ্খলা

দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা, ঘটনাস্থলে তেলজাতীয় পদার্থ

 রাজশাহীর দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের দেলুয়াবাড়ী শাখায় অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে পৌর এলাকার ওই ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ব্যাংক কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা-পুলিশ।প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা ব্যাংক কার্যালয়ের সীমানাপ্রাচীরের ভেতরে প্রবেশ করে বাইরের গ্রিলের গেটে কেরোসিনজাতীয় তরল পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে আগুনে ব্যাংকের কোনো মালামাল পুড়ে যাওয়ার খবর পাওয়া যায়নি।ঘটনার সময় ব্যাংক কার্যালয়ের ভেতরে একজন নৈশপ্রহরী ও একজন অফিস সহায়ক দায়িত্বে ছিলেন। তাঁরা রাত আড়াইটা পর্যন্ত জেগে দায়িত্ব পালন করেন। পরে ঘুমিয়ে পড়ার সুযোগে ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এদিকে, গ্রামীণ ব্যাংকের সামনে আগুন জ্বলতে দেখা যাচ্ছে—এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে ছবিটির সত্যতা এবং প্রকৃতপক্ষে সেখানে আগুন জ্বালানো হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ কেউ এ ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার সন্দেহ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।গ্রামীণ ব্যাংকের দেলুয়াবাড়ী শাখা ব্যবস্থাপক আয়শা সিদ্দিকা বলেন, রাতে এ ধরনের ঘটনা ঘটেছে কি না, তা তিনি নিশ্চিত নন। তবে ব্যাংকের দরজার সামনে কে বা কারা তেলজাতীয় তরল পদার্থ ঢেলে রেখে গেছে। নৈশপ্রহরীরা ভোররাতে ঘুমিয়ে পড়েছিলেন। ফলে তাঁরাও আগুনের কোনো ঘটনা দেখে থাকলে তা বুঝতে পারেননি। সকালে থানা-পুলিশ এসে ব্যাংক কার্যালয় পরিদর্শন করেছে।দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে আগুনের কোনো আলামত পাওয়া যায়নি। তবে তেলজাতীয় তরল পদার্থ পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা, ঘটনাস্থলে তেলজাতীয় পদার্থ