বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

অর্থনীতি

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও উৎপাদন বিঘ্নের কারণে দেশের তৈরি পোশাক খাতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। ১৮ দিনে ৩১৭টি কারখানার ৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। পাশাপাশি ক্রেতাদের আস্থার সঙ্কটে ২৫ কোটি মার্কিন ডলারের নিশ্চিত অর্ডার অন্য দেশে চলে গেছে। রোববার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। তৈরি পোশাক খাতের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর একটি জরুরি জরিপ পরিচালনা করেছে সংগঠনটি। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি ও নানা বিঘ্নের কারণে কারখানাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে এ জরিপ করা হয়। জরিপে ৩১৭টি কারখানা তাদের তথ্য প্রদান করেছে এবং এসব কারখানার উৎপাদন বন্ধ থাকায় এই ক্ষতি হয়েছে। সরাসরি উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ অর্ডারই এখন চরম ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। এসব কারখানা রফতানি আদেশ ধরে রাখতে ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড় এবং সরাসরি অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতিতে পড়েছে। ক্রেতারা ইতোমধ্যে তাদের নিশ্চিত করা অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছে, যার বাজারমূল্য ২৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। বিজিএমইএর মতে, জরিপে উঠে আসা এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র কারণ ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। স্বল্প সময়ের এই জরুরি জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে, ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বেশি। বিজিএমইএ মনে করে, এর ফলে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপর অপূরণীয় আঘাত এসেছে।

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার