বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

পরিবেশ ও জলবায়ু

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

মেঘনা নদী ও এর শাখা নদীগুলোকে ঘিরে বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুর জেলার সীমানা নিয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলা, ভোলার ভোলা সদর এবং লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সীমানা নির্ধারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নদী ভাঙন, নতুন চর জেগে ওঠা এবং বিভিন্ন জরিপে তথ্যের অমিলের কারণে সীমানা নিয়ে দীর্ঘকাল ধরে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি জানান, আধুনিক জিআইএস ম্যাপিং, স্যাটেলাইট ইমেজ ও ডিজিটাল জরিপ পদ্ধতি ব্যবহার করে একটি স্থায়ী ও বিজ্ঞানসম্মত সীমানা নির্ধারণের কাজ শুরু করবে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, এমপি বলেন, সীমানা অস্পষ্টতার কারণে সাধারণ মানুষ ভূমি অফিসে হয়রানি ও মামলার শিকার হচ্ছেন, যার দ্রুত সমাধান জরুরি। ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান, এমপিও কারিগরি ও আইনি দিক যাচাই করে সব পক্ষের মতামতের ভিত্তিতে যৌক্তিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। সভায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জরিপ বিভাগকে দ্রুত মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সীমানা নির্ধারণের জন্য একটি কারিগরি কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়েছে, যা ওই অঞ্চলের ভূমি সংক্রান্ত ভোগান্তি কমিয়ে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ