বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

রাজধানী

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, ফরাসি দার্শনিক ও সাহিত্যিক অঁন্দ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী। ২৩ নভেম্বর তাঁর মৃত্যুবার্ষিকী সামনে রেখে মুক্তিযুদ্ধ জাদুঘর ও ঢাকায় ফরাসি দূতাবাসের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। রোববার দুপুরে ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডরিক ইনজা প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চিকিৎসক আমজাদ হোসেনসহ বিশিষ্টজনরা। বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে মালরোর বলিষ্ঠ ভূমিকা ও মানবিক সমর্থনের কথা স্মরণ করেন। ফরাসি এই মনীষী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেবল গণতন্ত্রের লড়াই নয়, বরং অস্তিত্ব রক্ষার সংগ্রাম হিসেবে অভিহিত করেছিলেন, যা তৎকালীন মুক্তিকামী মানুষকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। প্রদর্শনীতে মালরোর জীবন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর অবদানের নানা দিক তুলে ধরা হয়েছে। সেখানে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধের সময় তাঁর লেখা চিঠি, বিভিন্ন সাময়িকীর প্রচ্ছদ এবং ১৯৭৩ সালে তাঁর বাংলাদেশ সফরের দুর্লভ ছবি ও সংবাদপত্রের কাটিং। এছাড়া একটি এলইডি মনিটরে তাঁকে নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনীটি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক জানান, এই প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের অকৃত্রিম এই বন্ধুর অবদান সম্পর্কে বিশদভাবে জানতে পারবে। মালরোর সেই মানবিক ও সাহসী ভূমিকা বাংলাদেশ ও ফ্রান্সের বন্ধুত্বের ভিত্তি মজবুত করেছিল।

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী