উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামোগত সুযোগ-সুবিধা সম্প্রসারণ, সংস্কার ও আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এই তথ্য জানিয়েছেন। এ সময় বিসিবির সিলেটের কাউন্সিলর আশরাফ আরমান এবং মৌলভীবাজারের কাউন্সিলর মনোয়ার এম আহমদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, স্টেডিয়ামের সামগ্রিক উন্নয়নে গ্রিন গ্যালারির আধুনিকায়ন, গ্র্যান্ড স্ট্যান্ড সংস্কার ও ফ্লাডলাইট ব্যবস্থার উন্নয়ন করা হবে। এছাড়া খেলোয়াড়দের ড্রেসিংরুম সংস্কার, হসপিটালিটি বক্স নির্মাণ এবং খেলার মাঠের প্রয়োজনীয় সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে। স্টেডিয়ামে প্রবেশের সড়ক সংস্কার, প্রবেশদ্বারের সৌন্দর্যবর্ধন ও আলোকায়নসহ সবার জন্য সুযোগ-সুবিধা বাড়ানো হবে।
সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট অবকাঠামো গড়ে তোলার পেছনে প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো এবং সাবেক মন্ত্রী এম. সাইফুর রহমানের অবদানের কথা স্মরণ করেন বিসিবি পরিচালক। তিনি বলেন, তাঁদের উদ্যোগের ফলেই সিলেট আজ আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অন্যতম ভেন্যু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তখনই ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করতে নতুনকুঁড়ি স্পোর্টস আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে এবং দক্ষ খেলোয়াড় তৈরি হবে। সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও আন্তর্জাতিক ম্যাচ সফল করতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।