উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের (বিএসআরআই) ৩২তম বার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে চিকিৎসকদের বিপুলসংখ্যক পদ শূন্য থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক রফিকূল ইসলাম বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোতে ইন্টারভেনশনাল রেডিওলজি সেন্টার প্রতিষ্ঠা, উচ্চতর প্রশিক্ষণ ও ফেলোশিপ চালুর আহ্বান জানান। তিনি বলেন, আলট্রাসনোগ্রাফি একটি অপারেটর-ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন, তাই আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি দক্ষ জনবল, প্রশিক্ষণ ও মানসম্মত রিপোর্টিং নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে রেডিওলজি এখন আর কেবল রোগ শনাক্তকরণের মধ্যে সীমাবদ্ধ নেই। উন্নত ইমেজিং প্রযুক্তির মাধ্যমে রোগ নির্ণয়ের পাশাপাশি সরাসরি চিকিৎসা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে এবং ইন্টারভেনশনাল রেডিওলজির মাধ্যমে জটিল রোগে বড় অস্ত্রোপচারের পরিবর্তে কম আক্রমণাত্মক পদ্ধতিতে চিকিৎসা সম্ভব।
মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন চিকিৎসক নিয়োগের পাশাপাশি তাদের যথাযথ পদায়ন, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কর্মপরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে উন্নত চিকিৎসাসেবা সম্প্রসারণের মাধ্যমে ঢাকামুখী রোগীর চাপ কমানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন। দিনব্যাপী এই সম্মেলনে বৈজ্ঞানিক অধিবেশन, গবেষণা উপস্থাপনা, বার্ষিক সাধারণ সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।