উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জ্বালানি মন্ত্রণালয়ের ২ সেপ্টেম্বর সংসদে দেয়া তথ্যানুযায়ী, সরকারের বৃহত্তর কর্মসূচির আওতায় ১০৪টি নতুন গ্যাস কূপখনন এবং ৪৬টি পুরনো কূপ ওয়ার্কওভার করার পরিকল্পনা রয়েছে। এর দ্বিতীয় পর্যায়ে বাপেক্সের দায়িত্বে রয়েছে ৫২টি নতুন কূপখনন এবং ১৬টি কূপ ওয়ার্কওভার। কর্মসূচির প্রথম পর্যায়ের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়নকাল ২০২৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে দ্বিতীয় পর্যায়ের ৫২টি নতুন কূপের কোনোটির খননকাজ এখনো সম্পন্ন না হওয়ায় কর্মসূচির অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে। নির্ধারিত সময়ের মধ্যে এতগুলো কূপখনন করতে হলে অর্থায়ন, খননযন্ত্র, আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে আগাম প্রস্তুতি নিতে হবে।
দেশের বিদ্যমান অনেক গ্যাসক্ষেত্র দীর্ঘ দিন ধরে উৎপাদনে থাকায় ভূগর্ভস্থ জলাধারের চাপ কমেছে এবং কূপগুলোর উৎপাদনক্ষমতাও হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, নতুন কূপখননের পাশাপাশি অনুসন্ধান কূপখনন, মূল্যায়ন কূপখনন এবং উন্নয়ন কূপখনন—এই তিন কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিতে হবে। একই সাথে পুরনো ও উৎপাদনক্ষমতা হারানো কূপে ওয়ার্কওভার, সাইডট্র্যাক এবং প্রয়োজন অনুযায়ী কম্প্রেসার স্থাপন করতে হবে। অনেক ক্ষেত্রে নতুন কূপখননের তুলনায় বিদ্যমান কূপের প্রযুক্তিগত সংস্কারের মাধ্যমে অপেক্ষাকৃত কম সময়ে উৎপাদন বাড়ানো সম্ভব। ফলে নতুন অনুসন্ধান ও পুরনো কূপের উৎপাদন পুনরুদ্ধার—দুই কার্যক্রমকে সমান গুরুত্ব দিতে হবে।
দেশের ক্রমবর্ধমান জ্বালানি সঙ্কট মোকাবেলায় দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর জন্য দ্বিতীয় পর্যায়ে ৫২টি নতুন গ্যাস কূপখননের পরিকল্পনা নেয়া হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে আমদানিনির্ভর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর চাপ কমার পাশাপাশি শিল্প, বিদ্যুৎ ও সার উৎপাদনে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতির সুযোগ তৈরি হবে। তবে আধুনিক প্রযুক্তি, পর্যাপ্ত খননযন্ত্র, দক্ষ জনবল এবং প্রয়োজনীয় আর্থিক সক্ষমতার অভাব থাকলে বড় কর্মসূচি বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। বাপেক্সের আধুনিক খননযন্ত্রের সংখ্যা ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দিকনির্দেশিত খননপ্রযুক্তি, ভূগর্ভস্থ তথ্য সংগ্রহ এবং জলাধার প্রকৌশলে দক্ষতা অর্জন জরুরি।
নতুন গ্যাস আবিষ্কার দেশের জ্বালানি সঙ্কট মোকাবেলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও আবিষ্কার থেকে ভোক্তা পর্যায়ে সরবরাহ পর্যন্ত রয়েছে একাধিক ধাপ। নতুন কূপে গ্যাস পাওয়া গেলে তা উত্তোলনের উপযোগী করতে প্রয়োজনীয় উৎপাদনব্যবস্থা, প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং জাতীয় গ্রিডে সংযোগের জন্য পাইপলাইন নির্মাণ করতে হবে। এসব অবকাঠামো প্রস্তুত না থাকলে আবিষ্কৃত গ্যাস দ্রুত জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে না। ফলে গ্যাস অনুসন্ধান ও খনন প্রকল্পের সাথে সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর উন্নয়নকে সমন্বিতভাবে পরিকল্পনা করতে হবে। গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যাপ্ত জ্বালানি পেলে তুলনামূলক কম ব্যয়ে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হবে।
জ্বালানি খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, কেবল নতুন কূপখননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেশের গ্যাস সঙ্কটের সমাধান হবে না। এর জন্য অনুসন্ধান, আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের মূল্যায়ন, উন্নয়ন কূপখনন, পুরনো কূপ সংস্কার এবং গ্যাস সঞ্চালন অবকাঠামোর উন্নয়নকে একই কর্মপরিকল্পনার আওতায় আনতে হবে। পাশাপাশি বাপেক্সের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে।