উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুড়িগ্রাম পৌরসভার টাউন হল চত্বরে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে মোহাম্মদ মনসুর আলী নামের এক কেয়ারটেকারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা শহরের কলেজ মোড় এলাকায় পৌর টাউন হল মিলনায়তনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ সময় স্বামীকে রক্ষা করতে গিয়ে তাঁর স্ত্রী মল্লিকা বেগম গুরুতর আহত হয়েছেন।
নিহত ৬০ বছর বয়সী মনসুর আলী পৌরসভার টাউন হলের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন এবং অভিযুক্ত ৩২ বছর বয়সী শাহনেওয়াজ ওরফে সানি একই এলাকার বাসিন্দা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠান শেষে সানি ভেতরে প্রবেশ করতে চাইলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের কথা বলে তাঁকে পরে আসতে বলেন মনসুর আলী।
এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সানি ধারালো অস্ত্র দিয়ে মনসুর আলীর বুকে আঘাত করেন এবং তাঁকে রক্ষা করতে গেলে তাঁর স্ত্রীও হামলার শিকার হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মনসুর আলীকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত সানিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে এই ঘটনায় আটক সানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।