উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ শনিবার বেলা তিনটার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।
শোভাযাত্রা শুরুর পরপরই এতে যোগ দিয়ে তিনি সামনের সারিতে অবস্থান নেন। নয়াপল্টন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে মোড় নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নিয়েছেন।
নির্ধারিত রুট অনুযায়ী শোভাযাত্রাটি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে। এর আগে গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
উল্লেখ্য, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। গত বৃহস্পতিবার শুরু হওয়া এসব কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, শোভাযাত্রা ও আলোকচিত্র প্রদর্শনী।