উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার এবং সম্মিলিত দায়িত্ববোধের চেতনায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) দিবসটি উপলক্ষে বাহিনীর সদর দপ্তরসহ সারাদেশের সকল ইউনিটে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ, দরবার এবং বিশেষ দোয়া মাহফিল।
সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি জাতীয় জীবনে ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরার পাশাপাশি বাহিনীর উন্নয়ন, সদস্যকল্যাণ, প্রশিক্ষণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং সম্মিলিত আত্মজাগরণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার সম্মিলিত সংহতির মধ্য দিয়ে দেশের সংকটময় পরিস্থিতিতে জাতীয় ঐক্য ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় প্রকাশ পেয়েছিল। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক উত্তরণের যে চেতনা বিকশিত হয়েছিল, তা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে।
তিনি আরও বলেন, ঐতিহাসিক এ দিবসের অন্যতম শিক্ষা হলো—জাতীয় ঐক্য, পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যেকোনো সংকট ও প্রতিকূলতা মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়া। একই ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান জনগণের অধিকার ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে নতুনভাবে জাগ্রত করেছে।
আনসার ও ভিডিপি বাহিনীর অবদান তুলে ধরে মহাপরিচালক বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’ বা গণপ্রতিরক্ষা দর্শনের ভিত্তিতে প্রতিষ্ঠিত গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) জনগণের অংশগ্রহণমূলক প্রতিরক্ষা ও সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কাঠামো। এ দর্শনের ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নগরজীবন পর্যন্ত জাতীয় নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি বলেন, আনসার-ভিডিপির দায়িত্ব কেবল নিরাপত্তা নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং দেশের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান, আর্থিক স্বাবলম্বিতা ও সামাজিক রূপান্তরেও এ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বাহিনীর উন্নয়ন ও সদস্যকল্যাণ প্রসঙ্গে মহাপরিচালক জানান, প্রশিক্ষণ, দক্ষতা, প্রযুক্তির ব্যবহার ও পেশাদারিত্বের ক্ষেত্রে আনসার-ভিডিপি ক্রমাগত এগিয়ে যাচ্ছে। দেশে-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের দক্ষতা ও কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে।
বিশেষ করে ভিডিপি সদস্যদের জীবনমান উন্নয়ন, আর্থিক স্বাবলম্বিতা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। এ ব্যাংকের প্রাতিষ্ঠানিক বিকাশ ও কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ তত্ত্বাবধানের বিষয়টি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহাপরিচালক। একই সঙ্গে বাহিনীর ভিত্তি সুসংহতকরণ ও অগ্রযাত্রায় অবদানের জন্য শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাতীয় ঐক্য ও সংহতির চেতনা ধারণ করে ‘সবার আগে বাংলাদেশ’ প্রত্যয় বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থ, জননিরাপত্তা ও জনকল্যাণই হতে হবে সকল কর্মকাণ্ডের মূল চালিকাশক্তি। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা ও উসকানি প্রতিহত করে দেশে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের নিরপেক্ষতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সদস্যদের জীবন ও কর্মপরিকল্পনাকে ‘কমপ্লিট প্যাকেজ অব লাইফ’ হিসেবে উল্লেখ করে মহাপরিচালক বলেন, আত্মোৎসর্গ, কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ, দক্ষতা অর্জন ও আর্থিক স্বাবলম্বিতার সমন্বয়েই একজন সদস্যের পরিপূর্ণ জীবন গড়ে ওঠে। প্রশিক্ষণ, কর্মসংস্থান, আর্থিক সহযোগিতা, সামাজিক নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে সদস্যদের জন্য একটি সমন্বিত জীবনব্যবস্থা গড়ে তোলাই এ দর্শনের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে ব্যক্তি, পরিবার, বাহিনী ও রাষ্ট্র—সব পর্যায়েই ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহাপরিচালক দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা অক্ষুণ্ণ রাখার পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি আধুনিক, দক্ষ, জনবান্ধব ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য বাহিনীর সকল সদস্যকে শৃঙ্খলাবোধ, আনুগত্য, দেশপ্রেম, সততা ও আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত থেকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বাহিনীর সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।
দেশপ্রেম, শৃঙ্খলা, ঐক্য ও মানবিক সেবার অঙ্গীকারে আনসার-ভিডিপির এই পথচলা দেশের নিরাপত্তা ও উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।