উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার অবসান ঘটানোর লক্ষ্যে শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে সংঘাত শুরু হওয়া ঠেকাতে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবেই এই আলোচনা হয়েছে বলে জানা গেছে।
আমিরি দিওয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই নেতা আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কাতারের নেওয়া কূটনৈতিক উদ্যোগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। শেখ তামিম বিরোধ নিষ্পত্তি এবং পরিস্থিতির অবনতি ঠেকাতে সংলাপ ও কূটনৈতিক পদ্ধতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে ইরানের শীর্ষ কূটনীতিক উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে তৈরি হওয়া উদ্বেগের মাঝেই এই তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।