উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিগত ১৬ বছরের বেশি সময়ে সংঘটিত গুম, খুন এবং সব ধরনের অন্যায়-অবিচারের বিচার করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত নবীন আইনজীবীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে আমাদের সাড়ে চার হাজারের বেশি সহযোদ্ধাকে ক্রসফায়ারে এবং সাত শর বেশি সহযোদ্ধাকে গুম করা হয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, প্রতিটি অন্যায়ের বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি নবীন আইনজীবীদের বিচারকের সঙ্গে লেনদেনে না জড়িয়ে মেধা ও প্রজ্ঞার মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।
আদালত প্রাঙ্গণে দলীয় প্রভাব বা ক্ষমতার দম্ভ না দেখিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার ওপর জোর দেন মন্ত্রী। তিনি জানান, আইনজীবীদের কর্মসংস্থান বাড়াতে প্রতিটি কোম্পানিতে একজন করে আইনজীবী নিয়োগ বাধ্যতামূলক করার লক্ষ্যে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া, সারা দেশের আইনজীবীদের প্রশিক্ষণের জন্য এ বছর ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
আইনজীবী সুরক্ষা আইনের দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, আগে বার কাউন্সিলের ট্রাইব্যুনালগুলোকে আরও গতিশীল ও শক্তিশালী করতে হবে। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিচার বিভাগীয় কর্মকর্তা ও বিশিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন।