উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শেরপুরে 'জয় বাংলা' স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের শেরপুর-গাজীরখামার-নালিতাবাড়ী সড়কসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীরখামার উত্তরকান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে মুজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান, বাচ্চু মিয়ার ছেলে রকিবুল ইসলাম, ফকির মাহমুদের ছেলে আব্দুর রহমান এবং সাইফুল ইসলামের ছেলে সাগর। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে গাজীরখামার এলাকায় একদল ব্যক্তি 'জয় বাংলা' স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করলে শেরপুর সদর থানার নিয়মিত টহল দলের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম প্রতিরোধে গাজীরখামার এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল এবং এ সময় কয়েকজনকে 'জয় বাংলা' স্লোগান দিতে দেখে তাঁদের আটক করা হয়। পরে খোঁজ নিয়ে তাঁদের রাজনৈতিক পরিচয় জানা যায় এবং এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত পাঁচজনকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মী।