উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাফ চ্যাম্পিয়নশিপে জয়ের মধ্য দিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেছেন ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহীম।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে রাকিব হোসেনের ক্রস থেকে সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেননি বিশ্বনাথ ঘোষ। এরপর জামাল ভূঁইয়ার দূরপাল্লার শট ভুটানের রক্ষণভাগ প্রতিহত করে। ১৮ মিনিটে রাকিবের ক্রস থেকে বিশ্বনাথের হেড লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রথমার্ধের ২৫ ও ৩৯ মিনিটেও গোলের সহজ সুযোগ নষ্ট হওয়ায় গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুদল। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় স্বাগতিকরা। ম্যাচের ৬৫ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মোহাম্মদ ইব্রাহীম।
মাঠে নামার ঠিক তিন মিনিট পরই ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে বল জালে পাঠান ইব্রাহীম। পিছিয়ে পড়ে ভুটান সমতায় ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজরা।