উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সামান্তা শারমিনের পদত্যাগের পর তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন মাহফুজ আলম ও তাসনিম জারা। সামান্তা শারমিনকে নিয়ে অপপ্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও অলটারনেটিভসের সংগঠক মাহফুজ আলম। অন্যদিকে সামান্তার ভূয়সী প্রশংসা করেছেন চিকিৎসক ও তরুণ রাজনীতিক তাসনিম জারা। গত বৃহস্পতিবার বিকেলে এনসিপি থেকে পদত্যাগ করেন সামান্তা শারমিন এবং এরপর রাতে তাঁকে নিয়ে ফেসবুকে পোস্ট দেন তাসনিম জারা। আজ শুক্রবার সকালে সামান্তা শারমিনকে নিয়ে ফেসবুকে পোস্ট দেন মাহফুজ আলম।
মাহফুজ আলম তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ছয় সদস্যের বৈষম্যবিরোধী লিয়াজোঁ কমিটি থেকে চার শতাধিক কমিটির জাতীয় নাগরিক কমিটিতে উত্তরণ ও বিস্তারে যাঁদের মুখ্য অবদান আছে, তাঁদের নিয়ে নোংরামি ও অপপ্রচার একটা বাজে নজির। লিয়াজোঁ কমিটি ও নাগরিক কমিটিতে মুখ্য ভূমিকা রাখা লোকজন না থাকলে একটি দল এত দ্রুত গঠিত হতো না বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও লিখেছেন, যারা ভিত গড়ে দিয়ে জোটের কারণে চলে গেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকুন এবং কৃতজ্ঞতা না দেখাতে পারলে রাজনৈতিক সহাবস্থান ও ভালো চর্চার খাতিরে নিরব থাকুন।
তাসনিম জারা তাঁর ফেসবুক পোস্টে সামান্তা শারমিনকে প্রশংসায় ভাসিয়ে লিখেছেন, রাজনীতিতে কথা বলতে আসা মানুষের অভাব নেই কিন্তু শুনতে আসা মানুষ খুব কম। সামান্তাকে খুব কাছ থেকে তিনি দেখেছেন এবং তিনি সেই অল্প মানুষদের একজন যিনি অক্লান্ত পরিশ্রম করেন। তিনি আরও লিখেছেন, ওনার রাজনৈতিক জার্নি এখনো অনেক বাকি এবং এমন মানুষের জায়গা আমাদের রাজনীতিতে আরও বড় হওয়া দরকার। এনসিপির প্রতিষ্ঠাকালীন নেতাদের অন্যতম সামান্তা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং সবশেষ দলটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
দল ছাড়ার কারণ হিসেবে সামান্তা শারমিন বলেছেন, নিজস্ব রাজনৈতিক লাইন স্পষ্ট না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জামায়াতে ইসলামীর মধ্যে হারিয়ে যেতে হচ্ছে। গণ–অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের এই দলটিকে এখন জামায়াতের জন্য নানা ইস্যুতে প্রতিক্রিয়ামূলক ও সহায়ক ভূমিকা নিতে হচ্ছে বলে জানান তিনি। তা ছাড়া এনসিপির বড় রাজনৈতিক দলের লেজুড় হিসেবে নির্বাচনে অংশ নেওয়াটা দলটির নিজস্ব নতুন রাজনীতির সম্ভাবনাকে নিঃশেষ করেছে বলেও মনে করছেন সামান্তা শারমিন। এ ছাড়া এনসিপির ভূমিকা নারীবিরোধী রক্ষণশীল রাজনৈতিক প্রবণতার সঙ্গে মিলে যাচ্ছে এবং কাউন্সিল এড়িয়ে কমিটি পুনর্গঠন করা হয়েছে বলে নিজের অসন্তোষের কথা উল্লেখ করেছেন তিনি।