উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। ৫ নভেম্বর বৃহস্পতিবার নগরীর ষোলশহরস্থ জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সভায় এই সম্মাননা প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র উদ্ধার এবং পলাতক আসামি গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিপুল চন্দ্র দে’র হাতে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন তিনি।
অক্টোবর মাসের পারফরম্যান্স পর্যালোচনায় জেলার ১৭টি থানার মধ্যে ভুজপুর থানাকে বিশেষ কৃতিত্বের জন্য এই সম্মাননা দেওয়া হয়। সভায় মাদক, সন্ত্রাস ও ছিনতাই রোধসহ পুলিশের পেশাগত দক্ষতার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেয়ে বিপুল চন্দ্র দে বলেন, এই সাফল্য ভুজপুর থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।