উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরির বই জমা দিতে দেরি হলে জরিমানা দিতে হয় মাত্র এক টাকা। কিন্তু এই সামান্য টাকা জমা দেওয়ার জন্যও শিক্ষার্থীদের টিএসসি এলাকার জনতা ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। প্রযুক্তির যুগে এমন অদ্ভুত নিয়মে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা।
সম্প্রতি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাবিলা হক সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলে বিষয়টি আলোচনায় আসে। তিনি জানান, বই ফেরত দিতে দেরি হওয়ায় এক টাকা জরিমানার ফরম ধরিয়ে দেওয়া হয়েছে, যা ব্যাংকে গিয়েই পরিশোধ করতে হবে। শিক্ষার্থীদের অভিযোগ, যেখানে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সেবা অনলাইনে হচ্ছে, সেখানে এই নিয়মটি সম্পূর্ণ অযৌক্তিক।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হক জানান, প্রায় ৪০-৫০ বছর ধরে এই নিয়ম চলে আসছে। তবে অল্প পরিমাণ জরিমানার জন্য ব্যাংকে যাওয়ার বিষয়টি তিনিও অযৌক্তিক বলে স্বীকার করেছেন এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, এই প্রক্রিয়াটি শিক্ষার্থীদের মধ্যে একধরনের সতর্কবার্তা হিসেবে কাজ করে। তবে তিনি স্বীকার করেন যে এই পুরোনো ব্যবস্থা বদলানো প্রয়োজন। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে কিউআর কোড বা অনলাইন পেমেন্ট পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।