উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে এফবিসিসিআই এবং রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার ৫ নভেম্বর এফবিসিসিআই’র মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-রাশিয়া বিজনেস ডায়ালগ-এ এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য উভয় দেশের ব্যবসায় উদ্যোগ, ব্যবসায় প্রতিষ্ঠান এবং সংস্থাগুলোর জন্য একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরি করা। বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচনে পরস্পরের মধ্যে হালনাগাদ তথ্য বিনিময় করা এবং যৌথ প্রকল্প বাস্তবায়ন ও বাণিজ্য মেলা আয়োজনে উভয় পক্ষ কাজ করবে। দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল যৌথভাবে এই ডায়ালগের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র প্রশাসক মো: ফজলুল হক এবং তিনি বলেন বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশ ও রাশিয়া উভয় দেশের জন্যই বাণিজ্য সম্প্রসারণের দারুণ সুযোগ রয়েছে। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগে বড় কোনো বাধা নেই বললেই চলে, তবে ছোট-খাটো যেসব বাধা রয়েছে সেগুলো চিহ্নিত করে যৌথভাবে দূরীকরণের উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান মিয়া সাত্তার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. ইমাম আবু সাঈদ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জয়েন্ট সেক্রেটারি আয়নুর আক্তার পান্না। এছাড়া এমসিসিআই’র প্রেসিডেন্ট কামরান টি. রহমান, এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি মীর নিজাম উদ্দিন আহমেদ, বারভিডার প্রেসিডেন্ট আব্দুল হক ও বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আবুল হোসেন অনুষ্ঠানে অংশ নেন।