উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠন এবং জাতীয় সমস্যার স্থানীয় সমাধান খুঁজতে শিল্প, অ্যাকাডেমিয়া ও সরকারের মধ্যে শক্তিশালী মেলবন্ধনের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ উদ্যোগে এই সেশনটি অনুষ্ঠিত হয়। মাহদী আমিন জানান, গবেষণা ও প্রযুক্তির বাস্তব প্রয়োগে এমন একটি ইকোসিস্টেম তৈরি করা সরকারের লক্ষ্য, যেখানে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণ থাকবে।
উপদেষ্টা আরও বলেন, দেশের উজ্জ্বল মেধাকে কাজে লাগিয়ে বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে প্রতিটি সমস্যার সমাধান করা সম্ভব। উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে সরকার স্টার্টআপ ফান্ড ও অনুদানের ব্যবস্থা করেছে বলে তিনি উল্লেখ করেন।
যানজট নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে জেলা পর্যায়ের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় ব্যবসার সংযোগ স্থাপনের আহ্বান জানান তিনি। এছাড়া মেধা পাচার রোধ করে ‘ব্রেন সার্কুলেশন’ প্রক্রিয়া নিশ্চিত করতে প্রবাসে থাকা বাংলাদেশি গবেষকদের দেশে বিনিয়োগ ও গবেষণার সুযোগ তৈরির কাজ চলছে বলে জানান মাহদী আমিন।