উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লার নাঙ্গলকোটে সায়েমা আক্তার নামে এক ১৭ বছর বয়সী কিশোরী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার হেসাখাল ইউনিয়নের চক্রলোদী গ্রামের স্বামীর বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সায়েমা আক্তার আনজিয়া পাড়া গ্রামের রিকশাচালক মোহাম্মদ শামীমের মেয়ে এবং ছয় মাস আগে তার সঙ্গে চক্রলোদী গ্রামের কাঠমিস্ত্রি জাহিদ হোসেনের বিয়ে হয়েছিল। নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহ ও যৌতুকের দাবিকে কেন্দ্র করে সায়েমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সায়েমার বাবা-মা ও স্বজনদের দাবি, বিয়ের পর থেকেই বিভিন্ন উপহার ও আসবাবপত্র দাবি করতেন স্বামী ও তার পরিবারের লোকজন। আর্থিক অসচ্ছলতার কারণে তা মেটাতে না পারায় নির্যাতন চলত এবং স্বামীর অন্য নারীর সঙ্গে সম্পর্ক নিয়েও বিরোধ ছিল।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।