উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসনের সহায়তায় উপজেলার বুধন্তী এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে আইন অমান্য করায় মেসার্স টি অ্যান্ড সি ব্রিকস এবং মেসার্স মোল্লা ব্রিকসকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী আরও ১০টি ইটভাটার মালিককে সতর্ক করা হয়েছে।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান প্রসিকিউশন প্রদান করেন এবং আনসার সদস্যরা সহায়তা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশদূষণ রোধ ও প্রচলিত আইন বাস্তবায়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।