উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্মার্টফোনের চার্জ শেষ হয়ে গেলে অনেকেই পাওয়ার ব্যাংক ব্যবহার করেন। তবে কম দামের প্রলোভনে পড়ে নিম্নমানের পাওয়ার ব্যাংক কিনলে স্মার্টফোনের ব্যাটারির কার্যক্ষমতা কমে যাওয়া এবং অভ্যন্তরীণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার বড় ঝুঁকি থাকে।
বিশেষজ্ঞদের মতে, সস্তা পাওয়ার ব্যাংকে ভোল্টেজ নিয়ন্ত্রণ, অতিরিক্ত চার্জ প্রতিরোধ এবং শর্ট সার্কিট থেকে সুরক্ষার মতো প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা থাকে না। ফলে নিয়মিত ব্যবহারে ফোনের ব্যাটারির আয়ু দ্রুত ফুরিয়ে যেতে পারে।
মানসম্মত পাওয়ার ব্যাংকে ভোল্টেজ স্থিতিশীল থাকলেও নিম্নমানের ডিভাইসে ভোল্টেজের ওঠানামা ঘটে, যা ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। অতিরিক্ত তাপ ও অনিয়ন্ত্রিত চার্জিংয়ের কারণে ফোন দ্রুত চার্জ হারাতে পারে এবং ব্যাটারি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়।
পাওয়ার ব্যাংক কেনার সময় শুধু এমএএইচ (mAh) না দেখে ব্র্যান্ডের নির্ভরযোগ্যতা, আউটপুট ওয়াট, ইউএসবি-সি পোর্ট এবং দ্রুত চার্জিং প্রযুক্তি যেমন পাওয়ার ডেলিভারি বা কুইক চার্জ সুবিধা আছে কি না তা যাচাই করা জরুরি। অস্বাভাবিক গরম হওয়া পাওয়ার ব্যাংক বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের মতো বড় দুর্ঘটনা ঘটাতে পারে।