উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর উত্তরায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর থানার এসআই মো. মানিক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ফালু মিয়া (৫০) মারা যান। গুরুতর আহত অবস্থায় আরিফুর রহমানকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আরিফুর রহমান পোস্তগোলার একটি লোহার দোকানের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
নিহত আরিফুর রহমান পাবনার বেড়া উপজেলার বাসিন্দা এবং ডেমরার কোনাপাড়ায় বসবাস করতেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। দুর্ঘটনায় আহত পিকআপ চালক স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর পোস্তগোলায় ট্রাকচাপায় জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও জাকির হোসেন (৫০) নামের দুই অটোরিকশা চালক নিহত হন। তারা যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় বেপরোয়া গতির ট্রাকটি তাদের চাপা দেয়।