উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের বাজারে আবারো বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার কারণে দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে সার্বিক বিষয় বিবেচনা করে নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর আগে বুধবার এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের এই তথ্য জানিয়েছিল বাজুস।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকায় বিক্রি হবে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে বুধবারও ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়েছিল বাজুস।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৬৭ বার কমানো হয়েছে, পাশাপাশি একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।