উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বুধবার এক বিবৃতিতে তিনি শ্রমিকদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমন-পীড়ন, নির্যাতন ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন।
জি এম কাদের বলেন, উচ্চ মূল্যস্ফীতির বাজারে বর্তমান বেতনে জীবন চালানো শ্রমিকদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। অথচ সরকার তাদের দাবির প্রতি সহানুভূতিশীল না হয়ে বলপ্রয়োগের পথ বেছে নিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
গাজীপুরে পুলিশের বলপ্রয়োগে আহত পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে তিনি নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান। তিনি উল্লেখ করেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে শ্রমিক ও মালিক উভয় পক্ষই চাপে রয়েছে, তাই এর দায়ভার সরকারকেই নিতে হবে।
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকার থেকে ভর্তুকি প্রদানের প্রস্তাব দিয়েছেন জি এম কাদের। তিনি রেশনিং ব্যবস্থার মাধ্যমে শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ বা নগদ অর্থসহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছেন।