উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জে ভেজালমুক্ত ও প্রাকৃতিক খাদ্যপণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন একটি বিক্রয় কেন্দ্র চালু করছে সেফফুড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ সদর বাসস্ট্যান্ড এলাকার পৌর বহুমুখী আদর্শ মার্কেটের কাঁচাবাজারে এই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পৌর বহুমুখী আদর্শ মার্কেট কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সেফফুড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক লিটন।
এই বিক্রয় কেন্দ্রে গরুর ঘানি ভাঙা সরিষার তেল, ঢেঁকিছাঁটা চাল, বিভিন্ন ধরনের মসলা, জাঁতায় পেষা ডাল, খাঁটি মধু ও ঘিসহ নানা ধরনের মানসম্মত পণ্য পাওয়া যাবে। খাঁটি খাদ্যপণ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটি তাদের এই কার্যক্রম পরিচালনা করছে।