উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। বুধবার রাতে পৃথক বিবৃতিতে সংগঠন দুটি রাজীব ঘোষের অবস্থান স্পষ্ট করা এবং আইনগত ভিত্তি না থাকলে তাঁকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বিবৃতিতে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেকোনো পদক্ষেপ অবশ্যই প্রচলিত আইন ও যথাযথ প্রক্রিয়া মেনে হওয়া উচিত। কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করার আহ্বান জানান তারা। একইসঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত অধিকার সুরক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেন নেতারা।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজীব ঘোষের বিরুদ্ধে আইনগত ভিত্তি না থাকলে তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে। এর আগে বুধবার রাজধানীর মহাখালীর ডিবিসি নিউজ কার্যালয় এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে ডিবি পুলিশ। সেই সময় রাজীব ঘোষকেও সঙ্গে নেওয়া হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং তাঁর সঙ্গে আরও একজনকে আনা হয়েছে। তবে ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট সম্পাদক মুক্তাদীর অনিক জানান, রাজীব ঘোষকে নেওয়ার সময় ডিবি সদস্যরা তাঁকে কেবল 'চা খাওয়ার জন্য' নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন।