উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে নতুন রাষ্ট্র গঠনের পর বিভিন্ন দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কে না গিয়ে শেখ মুজিবুর রহমানের সরকারের নতজানু পররাষ্ট্রনীতি দেশকে পিছিয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। তিনি জানান, নতুন দেশ হিসেবে স্বীকৃতিদাতাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির সুযোগ নষ্ট করা হয়েছিল এবং সঠিক পররাষ্ট্রনীতির অভাবে বিদেশি সাহায্য বন্ধ হয়ে দুর্ভিক্ষসহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল।
জহরত আদিব আরও বলেন, স্বাধীনতা-পরবর্তী দশকের দ্বিতীয় ভাগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিলেন এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বিদেশে জনশক্তি রপ্তানির দুয়ার খুলে দিয়েছিলেন। অন্যদিকে শেখ মুজিব সরকার দেশের গণতন্ত্র নষ্ট করে বাকশাল কায়েম করেছিল, যা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছিল বলে তিনি মন্তব্য করেন।
সভাপ্রধানের বক্তব্যে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ বলেন, স্বাধীনতা-পরবর্তী এক দশকে পররাষ্ট্রনীতির অবস্থা বুঝতে হলে মোটাদাগে শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাই সামনে আসে। শেখ মুজিবের শাসনামল নিয়ে প্রবীণ নাগরিকদের উপলব্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, তৎকালীন নতজানু পররাষ্ট্রনীতির কারণে নাগরিকদের মনে হয়েছিল দেশ পাকিস্তানের বেড়াজাল থেকে বেরিয়ে ভারতের হাতে চলে গেছে।