উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ও জুয়া ছেড়ে মাঠে চল এ স্লোগানকে সামনে রেখে বগুড়া সদরে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৩টায় বগুড়া সদরের নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। নিশিন্দারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এ টুর্নামেন্টের আয়োজন করে। ফাইনাল খেলায় ২ নম্বর ওয়ার্ড নুনগোলা দশটিকা দল এবং ৪ নম্বর ওয়ার্ড বারপুর দল মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় নির্ধারিত সময়ের পর ট্রাইব্রেকারে ৪-২ গোলে জয়লাভ করে ২ নম্বর ওয়ার্ড নুনগোলা দশটিকা দল চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠে ক্রীড়াপ্রেমী দর্শক ও স্থানীয় সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল করিম রাফি। অনুষ্ঠান পরিচালনা করেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল আমিন পেস্তা।
এ ছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় বিএনপি নেতা জামিল হোসেন মিন্টা, জিল্লুর রহমান, আব্দুল জব্বার টুকুসহ আরও অনেকে। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার, হাজেরা বেগম, নিগার সুলতানাসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।