উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নগদ অর্থের ওপর নির্ভরতা কমানো এবং দেশের মানুষের কাছে ডিজিটাল পেমেন্ট সুবিধা সহজলভ্য করার লক্ষ্য নিয়ে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত জুনে দৈনিক ৪০ কোটি টাকার লেনদেন থেকে বর্তমানে তা চার গুণে উন্নীত হয়েছে। বুধবার রাজধানীর বনানী ও গুলশান এলাকার কয়েকটি খুচরা বিক্রয় কেন্দ্রে এ সেবা সম্প্রসারণের নতুন উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে এই সেবার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি গভর্নর বলেন, নগদবিহীন লেনদেন উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী বিভিন্ন খুচরা বিক্রয় নেটওয়ার্কে এ সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। তিনি জানান, সেবার মান উন্নয়নে গত ১ নভেম্বর ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি লেনদেন সুবিধা চালু করা হয়েছে। তৃণমূল পর্যায়ে এ সেবা সম্প্রসারণের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, মোবাইল ডিভাইস ও নেটওয়ার্ক সুবিধার সীমিত প্রাপ্যতা এক্ষেত্রে বড় বাধা হিসেবে রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাংক, খুচরা বিক্রয় নেটওয়ার্ক এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং নগদবিহীন অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, নগদবিহীন লেনদেন বাড়লে মুদ্রা নোট ছাপানোর ব্যয় কমবে এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়বে।