উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। আগামী ২৩ নভেম্বর এ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে গত ১ নভেম্বর আদালত অবমাননার অভিযোগ আনেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। সেদিন ট্রাইব্যুনাল আজ বুধবার অর্থাৎ ৪ নভেম্বর তাঁকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।
তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তিনি নির্ধারিত দিনে আদালতে হাজির হতে পারেননি। ট্রাইব্যুনালের প্রসিকিউটর শাইখ মাহদী আজ প্রথম আলোকে জানান যে ফুয়াদ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং তাঁর আইনজীবী এসে আজ সময়ের আবেদন করেছেন। পরে ট্রাইব্যুনাল তাঁর সময়ের সেই আবেদন মঞ্জুর করেছেন।
এর আগে ১ নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন সাংবাদিকদের জানিয়েছিলেন যে এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে নানা মন্তব্য করেছেন আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর বক্তব্যের একটি অংশে বলা হয়েছিল যে সেখানে বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে। এ ধরনের মন্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পরই স্বপ্রণোদিত হয়ে এই নোটিশ দেওয়া হয়।