উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও ডিজিটাল সেবার মানোন্নয়নে আট দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছে ইবি সায়েন্স ক্লাব। বুধবার (৪ নভেম্বর) উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সায়েন্স ক্লাবের সভাপতি জুনাইদুল মোস্তফা, সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন সাকিবসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।
স্মারকলিপিতে উত্থাপিত আট দফা দাবির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন এবং সকল সংগঠন ও ক্লাবের জন্য কনফারেন্স রুম নির্মাণ। এছাড়া গবেষণা খাতে বার্ষিক বরাদ্দ বৃদ্ধি, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভাগগুলোর বাজেট বাড়ানো এবং আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংগঠনটির অন্যান্য দাবির মধ্যে রয়েছে শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আর্থিক সহযোগিতা প্রদান, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ডিজিটালাইজেশন এবং শিক্ষকদের পূর্ণাঙ্গ গবেষণা প্রোফাইল সংযুক্ত করা। পাশাপাশি একাডেমিক ও ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের জন্য বাস সরবরাহ, ব্যয়ের নির্দিষ্ট অংশ বহন এবং প্রশাসনিক ও আর্থিক সেবার ডিজিটালাইজেশন ও অনলাইন পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণের দাবি জানানো হয়েছে।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ আরও সমৃদ্ধ হবে। শিক্ষার্থীদের কল্যাণ ও সার্বিক উন্নয়নে এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নিতে তারা উপাচার্যের সদয় দৃষ্টি কামনা করেন।