উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ছাত্রনেতাদের সঙ্গে সংবিধান সংশোধন কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক হয়। সভা শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বৈঠকে জুলাই গণ–অভ্যুত্থানে ছাত্রদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। সংবিধানে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা এবং গণভোটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সরকার আন্তরিক বলে জানানো হয়েছে। এ বিষয়ে বিরোধী পক্ষের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তরুণদের প্রতি অনুরোধ জানানো হয়। ক্যাবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এই সভা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মোট ৬২ জনকে আমন্ত্রণ জানানো হলেও ৩১ জন উপস্থিত ছিলেন। তবে ডাকসু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন পরিচিত মুখ এই সভা বর্জন করেন।