উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের ঘিওরে সানোয়ার হোসেন নামে এক যুবকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীর স্ত্রীর করা অভিযোগের জেরে মারধর, অপমান ও হত্যার হুমকির শিকার হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। সোমবার দুপুরে ঘিওর সদর ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় নিহতের নানি কুলসুম বেগমের বাড়ির একটি টিনশেড ঘর থেকে সানোয়ারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
রোববার দুপুরে বাড়ির উঠানের পাশে কাজ করার সময় প্রতিবেশী পিয়াস আহমেদ মমিনের স্ত্রী রিমি আক্তার অভিযোগ করেন, সানোয়ার তাঁদের গোসলখানার টিনের বেড়ার ফাঁক দিয়ে তাঁকে দেখেছেন। এ অভিযোগের পর মমিন সানোয়ারের বাড়িতে গিয়ে তাঁকে গালাগাল ও মারধর করেন এবং পরে আবারও মারধরের হুমকি দিয়ে চলে যান। স্থানীয়দের ভাষ্য, এ অভিযোগের প্রতিবাদ জানাতে সানোয়ার ইউপি সদস্যের বাড়িতে বিচার চাইতে গিয়ে ফেরার পথে আবারও মমিনের হুমকির মুখে পড়েন।
পরিবারের দাবি, মিথ্যা অপবাদ, মারধর ও বারবার হুমকির কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সানোয়ার এবং সোমবার সকালের দিকে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে।
এদিকে এ ঘটনায় রিমি আক্তারকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। তাঁদের দাবি, এক কথিত নেতার মধ্যস্থতায় দুই লাখ টাকার বিনিময়ে ঘটনাটি রফাদফার চেষ্টা করা হয়েছে। তবে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহব্বত কবীর জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং নিহতের স্ত্রীর মুচলেকা গ্রহণ ও সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় রিমি আক্তারকে ছেড়ে দেওয়া হয়েছে।