উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (IIUC) এক ছাত্রী নিহত হয়েছেন। নিহত মাইশা মুশফিরাত (২১) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন এবং তার বাড়ি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে। ক্লাস শেষে বাসায় ফেরার জন্য দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসকে দ্রুতগামী লরি পেছন থেকে ধাক্কা দিলে, মিনিবাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন মাইশা এবং পরে চমেক হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপুরের দিকে মহাসড়ক ও সংলগ্ন রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে থাকা মাইশার মরদেহের সামনেই সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা জানাজার নামাজ আদায় করেন এবং মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজ ও স্পিড ব্রেকার দাবি করে আসছেন। তারা অবিলম্বে ঘাতক লরি চালকের গ্রেফতার ও শাস্তির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সামনে নিরাপদ পারাপারের ব্যবস্থা করার জোর দাবি জানান।