উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক বাজারে পণ্যের বিস্তার ঘটাতে ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রিমার্ক। আলিবাবার বাংলাদেশী এজেন্ট স্কাইটেক গ্লোবাল লিমিটেডের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতারা এখন রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ও সেবা সংগ্রহ করতে পারবেন।
সোমবার রাজধানীর গুলশানে রিমার্কের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। রিমার্কের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের এডিশনাল অপারেটিভ ডিরেক্টর শুভ কুমার সাহা এবং স্কাইটেক গ্লোবালের প্রধান পরিচালন কর্মকর্তা রিদওয়ান আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রাথমিক পর্যায়ে আলিবাবায় রিমার্কের লিলি, নিওর, সিওডিল, স্কিনমিন্ট, অরিক্স, সানবিট, একনল ও লিটল ওয়ানসহ বিভিন্ন ব্র্যান্ডের এক হাজারের বেশি পণ্য তালিকাভুক্ত করা হচ্ছে। স্কিনকেয়ার, পারসোনাল কেয়ার, হেয়ার কেয়ার, হোমকেয়ার ও বেবিকেয়ার খাতের এসব পণ্যের পাশাপাশি কাস্টমাইজড প্যাকেজিং ও উৎপাদনসংশ্লিষ্ট সেবাও আন্তর্জাতিক ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।
রিমার্কের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আরিফুল ইসলাম জানান, আলিবাবাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠানের উপস্থিতি সুসংহত করা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। বর্তমানে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ভারত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশে রিমার্কের পণ্য রপ্তানি হচ্ছে।