উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিদেশী বিনিয়োগ উৎসাহিত করা এবং লভ্যাংশ ও বিনিয়োগের অর্থ নিজ দেশে ফেরত নেয়ার প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে উৎপাদন ও সেবা খাতের কোম্পানিগুলোকে অনাবাসী বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যু করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে অগ্রাধিকার শেয়ার ইস্যু, সাধারণ শেয়ারে রূপান্তর এবং বিদেশী বিনিয়োগকারীদের লভ্যাংশ দেশে ফেরত পাঠানোর বিস্তারিত নির্দেশনা দেয়া হয়েছে।
নতুন সার্কুলার অনুযায়ী, কোম্পানিগুলো কোম্পানি আইন, বিএসইসি-এর বিধিবিধান এবং নিজেদের সঙ্ঘস্মারক মেনে অনাবাসী বিনিয়োগকারীদের কাছে প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে পারবে। এ ধরনের শেয়ার ইস্যুর বিপরীতে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় বিনিয়োগের অর্থ বাংলাদেশে আনতে হবে। প্রেফারেন্স শেয়ারের লভ্যাংশের হার অভিহিত মূল্যের পাঁচ শতাংশের বেশি না হলে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি লাগবে না, তবে এর বেশি হলে পূর্বানুমতি নিতে হবে।
প্রেফারেন্স শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তরের ক্ষেত্রে কোম্পানিকে মনোনীত এডি ব্যাংকের মাধ্যমে এফইআইডি-কে অবহিত করতে হবে এবং নথিপত্র জমা দিতে হবে। নির্দেশনা ও বিধিবিধান অনুসরণ এবং কর পরিশোধ করা হলে এডি ব্যাংক বিদেশী বিনিয়োগকারীদের লভ্যাংশ ও শেয়ার অবসায়নের অর্থ বিদেশে পাঠাতে পারবে। শেয়ার অবসায়নের কিস্তির অর্থ পাঠানোর প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্ট এডি ব্যাংককে ত্রিশ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে প্রতিবেদন দাখিল করতে হবে।