উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে জাতীয় শ্রমিক শক্তি। একই সঙ্গে এই আন্দোলনে কোনো ধরনের সহিংসতা বা বলপ্রয়োগ না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আগামী তিন দিনের মধ্যে নতুন বেতনকাঠামো কার্যকর করার দাবি জানান নেতারা।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, সরকার ও মালিকপক্ষ মজুরি বোর্ড গঠনের নামে দলীয়করণ করে নিজেদের লোক বসিয়েছে। সরকারের বিভিন্ন সময়ের অপরিপক্ব সিদ্ধান্তের কারণেই আন্দোলন আজ এই পর্যায়ে গড়িয়েছে। তিনি শিল্প রক্ষার স্বার্থেই বর্তমান বাজারের সঙ্গে সংগতি রেখে শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবি জানান।
জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির বলেন, আগে থেকেই আমরা মজুরি বোর্ড গঠন করে নতুন মজুরি নির্ধারণের দাবি জানিয়ে আসছি অথচ এই কাজে শ্রমমন্ত্রী ব্যর্থ হয়েছেন। আমরা ব্যর্থ শ্রমমন্ত্রীর পদত্যাগ চাই এবং আগামী তিন দিনের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করতে হবে।
সংগঠনটির সদস্যসচিব রিয়াজ মোর্শেদ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা শ্রমিকদের আন্দোলনে হামলা করবেন না, আমরা আওয়ামী আমলের পুলিশ দেখতে চাই না। সংবাদ সম্মেলনে বিভিন্ন স্থানে বিএনপির নেতা–কর্মী ও পুলিশের যৌথ মদদে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ করা হয় এবং দমন–পীড়ন বন্ধের আহ্বান জানানো হয়।