উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দ্রুত একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সম্পাদনের ওপর গুরুত্বারোপ করেছে উভয় দেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল অ্যান্টিগুয়া ও বার্বুডার সেন্ট জোনসে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির ও সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাসিমির মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। ২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের সিএইচওজিএমের ফাঁকে তারা এই দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।
বাংলাদেশ ও ইউএইর মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার সময় উভয় পক্ষ প্রস্তাবিত চুক্তিটি দ্রুত কার্যকর করার বিষয়ে তাগিদ দেন। বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশী কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং সেখানে অবস্থানরত বাংলাদেশীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিতের বিষয়টি গুরুত্বের সাথে স্থান পায়। এছাড়া বাংলাদেশের বন্দর অবকাঠামোতে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ ও বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সমর্থনের বিষয়টিও আলোচনায় উঠে আসে। একই সাথে রোহিঙ্গা সংকটের মূল কারণগুলো মোকাবিলাসহ এই সংকট নিরসনে বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।