উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনসহ রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও পারিবারিক দায়িত্ববোধ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এ লক্ষ্যে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাদক প্রতিরোধ সামাজিক উদ্যোগ, পিরোজপুরের আহ্বায়ক মনিরুজ্জামান নাসিম।
বক্তারা বলেন, মাদকাসক্তি শুধু ব্যক্তিজীবন নয়, পরিবার ও সমাজের ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং তরুণ সমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি মাদকমুক্ত নেছারাবাদ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।