উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত মির্জা ফয়সল আমীন ও সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এলিজা জামান। আজ মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দুই সংসদ সদস্যকে শপথবাক্য পড়ান। দুপুর ১২টায় সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন। এই অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মণিসহ অন্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় তাঁর ঠাকুরগাঁও আসনটি শূন্য হয়। এরপর গত ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করলে এই আসনে নির্বাচিত হন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন। অন্যদিকে, রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ সংসদ সদস্যপদ ছাড়লে, ওই শূন্য আসনে নির্বাচিত হন এলিজা জামান।