উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের ধনবাড়ী ও মধুপুর উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, এক গ্রাম হেরোইন, ১০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৪৯০ টাকা জব্দ করা হয়েছে। এই ঘটনায় একটি নিয়মিত মামলা ও একটি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়েছে।
গত ২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের সার্বিক তত্ত্বাবধানে ধনবাড়ী ও মধুপুর উপজেলার কালিপুর ও টেংরি মধ্যপাড়া গ্রামে আসামিদের নিজ নিজ বসতঘরে এই অভিযান চালানো হয়। নিয়মিত মামলার দুই আসামি হলেন ধনবাড়ী উপজেলার কালিপুর গ্রামের মো: জুলহাস উদ্দীন এবং মধুপুর উপজেলার আউশনারা গ্রামের মো: ফারুখ হায়দার।
তাঁদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধনবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয় এবং তাঁদের নিকট থেকে ১৯ পিস ইয়াবা, এক গ্রাম হেরোইন, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। অন্যদিকে, মধুপুর উপজেলার টেংরি মধ্যপাড়া গ্রামের ইমন আরেফিন স্বাক্ষর ও মাহিম আরেফিন সৌরভকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তপু খান তাঁদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করার পর মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম এই রায় দেন। মোবাইল কোর্টের মাধ্যমে ওই দুই আসামিকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এলাকায় মাদকবিরোধী এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।