উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফেনীর সোনাগাজী উপজেলার চরাঞ্চলে আধুনিক বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত ও যুক্তরাজ্য লেবার পার্টির নেতা জাহাঙ্গীর ফিরোজ। সোমবার (২ নভেম্বর) স্থানীয় 'বেস্ট ইন চায়নিজ রেস্টুরেন্টে' আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনার কথা জানান।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর ফিরোজ সোনাগাজীতে আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপন, টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা, মসজিদ নির্মাণ এবং তার পরিচালিত মানবিক স্বেচ্ছাসেবী সংস্থা 'পিপলস এইড'-এর বিভিন্ন দাতব্য কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ব্রিটিশ রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও নিজ দেশ ও জন্মভূমির প্রতি নাড়ির টান অপরিসীম এবং উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে তিনি একে আধুনিক পর্যটন স্পট হিসেবে সাজাতে চান।
উল্লেখ্য, তিনি বিগত ২৪ বছর ধরে সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং সেখানে প্রভাবশালী রাজনৈতিক দল লেবার পার্টির মনোনীত আগামী কাউন্সিলর প্রার্থী। তার নিবন্ধিত দাতব্য সংস্থা 'পিপলস এইড'-এর মাধ্যমে বাংলাদেশ, নেপাল ও ভারতে প্রায় ৬ শতাধিক প্রতিবন্ধী মানুষকে বিনামূল্যে হুইলচেয়ার দেওয়া হয়েছে এবং হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। উক্ত সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।