উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শরৎকালীন ছুটি শেষে সোমবার থেকে ফ্রান্সে পুনরায় হাই স্কুল অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। গত তিন সপ্তাহ ধরে চলা জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিবিরোধী আন্দোলনের অংশ হিসেবেই এই নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শিক্ষার্থীদের দাবি, সরকার তাদের জন্য যেসব ছাড়ের ঘোষণা দিয়েছে তা মোটেও যথেষ্ট নয়। পড়াশোনার পরিবেশের অবনতি ও ক্রমবর্ধমান বৈষম্যের প্রতিবাদে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন আরও জোরদার হচ্ছে।
পরিস্থিতি শান্ত রাখতে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন। তবে মন্দার মুখে থাকা ফ্রান্সের অর্থনীতির সীমাবদ্ধতার কারণে আন্দোলনরত শিক্ষার্থীদের সব দাবি পূরণ করা সরকারের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
শিক্ষামন্ত্রী এদুয়ার্দ জফ্রে জানিয়েছেন, দেশের ৩,৭০০টি হাই স্কুলের মধ্যে অল্প কিছু প্রতিষ্ঠানে অবরোধ চলছে। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেছেন যে, দীর্ঘ অনুপস্থিতি তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।