উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে জড়ো হয়ে শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়।
বিক্ষোভ চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং সড়কে কাঠের আসবাবপত্র জড়ো করে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
উল্লেখ্য যে, গত শনি ও রোববার থেকে মিরপুরের ১০, ১১ ও ১২ নম্বর এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করে আসছেন। এর আগে রোববার মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।