উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বেতন বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের মতো মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকাটি। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মিরপুর-১০ ও মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বেলা ১১টা ৫০ মিনিট থেকে স্টেশন দুটির সব গেট বন্ধ রাখা হয়েছে। ফলে ওই দুই স্টেশনে কোনো যাত্রী ওঠা-নামা করতে পারছেন না। তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের মূল চলাচল স্বাভাবিক রয়েছে এবং অন্যান্য স্টেশনে যাত্রী সেবা অব্যাহত আছে।
সকাল ১০টার পর শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। মিরপুর-১১ স্টেশনের নিচে পরিত্যক্ত কাঠ ও বাঁশে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে বড় ধরনের ঝুঁকি এড়াতে স্টেশন দুটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।