উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাজারে চলমান অস্থিরতার মধ্যে আবারো বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের বা এলপিজির দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি এই নতুন দাম নির্ধারণ করেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে এই নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। এর আগে, সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বিইআরসি। ওই দিন রাত ৮টা থেকে নতুন দাম কার্যকর হয় এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।
একই সাথে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে বাজারে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাস বিক্রেতাদের কমিশনও বৃদ্ধি করা হয়েছে এই দফায়।
এর আগে, রোববার (৪ অক্টোবর) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশের এলপিজি বাজারে অস্থিরতা চলছে এবং আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে আমদানিকারকেরা সরবরাহ কমিয়ে দেন।