উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার ধামরাইয়ে নারী ফুটবলের উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর বহুল প্রতীক্ষিত প্রমিলা ফুটবলের মেগা ফাইনাল। শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্বাগতিক নারায়ণগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমী ও ঢাকার শক্তিশালী দল বোল্ড বার্ডিজ ঢাকা। আগামী শুক্রবার ৩০ অক্টোবর বিকেল ৩টায় ঢাকার ধামরাই উপজেলার চারিপাড়া বারবাড়িয়া যুবক সমিতির খেলার মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফাইনালকে ঘিরে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর শিরোপা নির্ধারণী এ ম্যাচে নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনের লক্ষ্য নিয়ে মাঠে নামবে দুই দল। একদিকে স্বাগতিক নারায়ণগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমীর সামনে থাকবে নিজেদের মাঠে শিরোপা জয়ের প্রত্যাশা, অন্যদিকে বোল্ড বার্ডিজ ঢাকার লক্ষ্য হবে প্রতিপক্ষকে মোকাবিলা করে কাঙ্ক্ষিত ট্রফি নিজেদের করে নেওয়া।
নারী ফুটবলের বিকাশ, প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলকে আরও জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে প্রমিলা ফুটবলের এমন শিরোপা নির্ধারণী ম্যাচ নতুন প্রজন্মের নারী খেলোয়াড়দের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি দর্শকদের মধ্যেও নারী ফুটবল নিয়ে আগ্রহ বাড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আয়োজকদের পক্ষ থেকে ক্রিয়া সম্পাদক আরিফ ম্যাচটি উপভোগ করতে ফুটবলপ্রেমী দর্শকদের মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। ঢাকা বণিক এক্সিলেন্স লিমিটেড-এর সৌজন্যে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর এ ফাইনাল নারী ফুটবলের অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।