উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এই কূপ খনন করেছে। প্রাথমিক হিসাবে কূপটির দুটি পৃথক জোনে প্রায় ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে।
সোমবার আনুষ্ঠানিকভাবে অগ্নিপ্রজ্বলনের মাধ্যমে কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সফল পরীক্ষা-নিরীক্ষা শেষে কূপটি থেকে দৈনিক প্রায় ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে। ভোক্তা পর্যায়ের বর্তমান বাজারমূল্য বিবেচনায় এই গ্যাসের আর্থিক মূল্য প্রায় ৫ হাজার ৮০৯ কোটি টাকা।
বাপেক্সের নিজস্ব বিজয়-১০ রিগ ব্যবহার করে চলতি বছরের ৮ জুলাই আনুষ্ঠানিকভাবে এই কূপের খননকাজ শুরু হয়। প্রায় সাড়ে তিন মাসের প্রচেষ্টায় কূপটি ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়। প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তেল কিংবা অন্য কোনো খনিজ পদার্থের উপস্থিতি রয়েছে কি না, তা নিশ্চিত হতে আগামী ১৫ দিন নিবিড় পর্যবেক্ষণ ও ডিএসটি পরীক্ষা চালানো হবে। এই আবিষ্কার দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে এবং শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন ও আবাসিক খাতে সরবরাহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।