উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক পাচারবিরোধী পৃথক অভিযানে ছয় কেজি গাঁজাসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (১ নভেম্বর) সদর উপজেলা ও আখাউড়া বাইপাস এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক সাজেদুল হাসান এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
প্রথম অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা বড় ব্রিজের পূর্ব পাশে আখাউড়া বাইপাস থেকে সুলতানপুরগামী সড়কে তল্লাশি চালানো হয়। এ সময় চার কেজি গাঁজাসহ লিপা বেগম ওরফে আলো (২৬) এবং রুবিনা বেগম (২৬) নামের দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দুজনের বর্তমান ঠিকানা ঢাকার মিরপুর-১১ এলাকার বেড়িবাঁধ পুরা বস্তি।
একই দিন আখাউড়া বাইপাস সংলগ্ন কাউছারের চায়ের দোকানের সামনে পৃথক অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ পিয়সী জান্নাত মীম (২০) নামের আরেক নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্থায়ী ঠিকানা রংপুরের পীরগঞ্জ পৌরসভার থানাপাড়া এলাকায় এবং বর্তমানে তিনি ঢাকার মিরপুর-১ এলাকায় বসবাস করতেন।
দুটি অভিযানে মোট তিনজনকে গ্রেপ্তার এবং ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে অধিদপ্তরের তথ্যে জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সহকারী উপপরিদর্শক রবিউল হাসনাত এবং আখাউড়া থানায় সহকারী উপপরিদর্শক সোহরাব হোসেন চৌধুরী বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।